ভবিষ্যতে বাংলাদেশের বিমানবহরে ২০০টিরও বেশি উড়োজাহাজ যুক্ত করার আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। প্রথম ধাপে ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান সক্ষমতা ও নতুন প্রজন্মের মেধার বিকাশের সঙ্গে তাল মিলিয়ে বিমান পরিবহন খাত আরও সম্প্রসারণ করতে চান।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমানমন্ত্রী বলেন, আমি চাই, বিমানবহরে শুধু ৩৫টি নয়, উড়োজাহাজের সংখ্যা ২০০টিরও বেশি হোক। আমাদের ছেলেমেয়েরা যেভাবে উন্নত হচ্ছে ও বিকশিত হচ্ছে, তাদের মেধার সঙ্গে তাল মিলিয়ে বিমানবহর সম্প্রসারণ করতে চাই।
তিনি বলেন, এসব উড়োজাহাজ দেশে আসতে প্রায় ১০ বছর সময় লাগবে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে উড়োজাহাজ আসা শুরু হবে এবং ২০৩৬ থেকে ২০৩৭ সালের মধ্যে সেগুলো দেশে পৌঁছাবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের বহরে থাকা উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে। তখন বিমান পরিবহন ব্যবস্থা সচল রাখা এবং ভবিষ্যতের চাহিদা পূরণে নতুন উড়োজাহাজ প্রয়োজন হবে। এ কারণে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুলাহেল মাজেদ।
এ ছাড়া বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিনিধি/এআর




