ব্যবসায়িক কার্যক্রম ও পেশাগত বিষয় বিবেচনায় নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রায়হান মিয়া রাজু।
সম্প্রতি দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর দেওয়া পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। এ কারণে নিজের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে রায়হান মিয়া রাজু জানান, তিনি এনসিপির গাইবান্ধা জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমান ব্যবসায়িক কার্যক্রম ও পেশাগত পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বেচ্ছায় ওই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রায়হান মিয়া রাজু বলেন, আমার বর্তমান ব্যবসায়িক কার্যক্রম ও পেশাগত বিষয়গুলো বিবেচনায় নিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রতি সম্মান রেখেই দলের প্রাথমিক সদস্যপদ ও গাইবান্ধা জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে ব্যক্তিগত পরিচয় ছাড়া আর কোনো দলীয় পরিচয় বহন করব না।
এ বিষয়ে জানতে এনসিপি গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদির মুঠোফোনে কল দেওয়া হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।
প্রতিনিধি/এলএ




