নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে তাদের মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— ওই গ্রামের মো. আব্দুস সাত্তার ও পান্না দম্পতির ছেলে মুয়াজ (৬) এবং আরাফাত (৪)।
স্বজনদের বরাতে কেন্দুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া জানান, সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত ঘরের পাশের একটি আর্থিং তার স্পর্শ করে এক ভাই। তাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে চিৎকার দিয়ে বাঁচাতে গেলে অপর ভাইও তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়। ঘটনার সময় শিশু দুটির বাবা-মা পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। সন্তানদের চিৎকার শুনে মা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। আহত মাকে সেখানে চিকিৎসা দেওয়া হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আর্থিংয়ের তারে সাধারণত বিদ্যুৎ থাকে না, তবে সুইচ বোর্ড থেকে কোনভাবে ওই আর্থিংয়ের তারে বিদ্যুৎ চলে আসে। তাতেই ওই দুই শিশু বিদ্যুতায়িত হয়। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




