নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসবিআরএম নামে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় কেমিক্যালের আগুনে দগ্ধ হয়েছেন দুই শ্রমিক। তাদের শরীরের ৫৪ ও ৫৫ শতাংশ পুড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে তাদের গুরুতর দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ দুই শ্রমিক হলেন— আনোয়ার হোসেন (৪০) ও শামসুল হক (৩০)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা স্বজন নাজিম জানান, রাতে স্টিল মিলের কারখানায় লোহা গলানোর কাজ করছিলেন আনোয়ার ও শামসুল। এ সময় কেমিক্যালের আগুনে তারা দুজনই গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
রোববার (১১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।
তিনি জানান, আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ এবং শামসুলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এমএমআর/এফএ




