শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

মায়ের মৃত্যুর দুই মাস না যেতেই খালের পানিতে প্রাণ গেল শিশু অরূপের

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

মায়ের মৃত্যুর দুই মাস না যেতেই খালের পানিতে প্রাণ গেল শিশু অরূপের

দুই মাস আগেও যে ছোট্ট শিশুটি মায়ের কোলে মুখ লুকিয়ে নিশ্চিন্তে ঘুমাত, সেই শিশুটিই এখন মায়ের কাছে চিরদিনের জন্য চলে গেল। ডেঙ্গুতে মাকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই মায়ের সমাধির পাশের খালে ডুবে প্রাণ গেল তিন বছরের শিশু অরূপ হালদারের। ঘটনাটি ঘটে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায়। 

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া হালদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, অরূপের বাবা অরবিন্দু হালদার পেশায় একজন ক্ষুদ্র চা দোকানি। তার সংসারে আট বছর বয়সী একটি মেয়ে ও তিন বছর বয়সী ছেলে অরূপ হালদার। প্রায় দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হন অরূপের মা রিতা হালদার। প্রথমে তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়। সামান্য চায়ের দোকান থেকে উপার্জিত অর্থ আর ধারদেনা করে স্ত্রীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন অরবিন্দু। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান রিতা।

এদিকে শনিবার দুপুরে সন্তানদের জন্য রান্না করছিলেন অরবিন্দু। এ সময় সবার অগোচরে ঘর থেকে বেরিয়ে যায় ছোট্ট অরূপ। ধারণা করা হচ্ছে, সে বাড়ির পাশের খালের পাড়ে মায়ের সমাধির কাছে গিয়েছিল। সেখানেই অসাবধানতা বশত খালের পানিতে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন বাবা অরবিন্দু। চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে স্ত্রীর সমাধির কাছে গিয়ে শিশুটির জুতা দেখতে পান তিনি। এরপর আর দেরি না করে খালে জাল ফেলে ছেলেকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে খালের পানির ভেতর থেকে উদ্ধার করা হয় অরূপের নিথর দেহ।

দ্রুত শিশুটিকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, শুনেছি, শিশুটির মা দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার দুপুরে শিশুটি খালের পানিতে পড়ে মারা গেছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর