কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ সম্মেলনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
সম্মেলনে বক্তারা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে কাদিয়ানি পণ্য বর্জনের ডাক দিয়ে দাবি বাস্তবায়ন না হলে কাফনের কাপড় পরে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির আমির ও মধুপুর দরবার শরিফের পীর আল্লামা আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির নায়েবে আমির ও নেছারাবাদ দরবার শরিফের পীর মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও গালুয়া দরবার শরিফের পীর মাওলানা আব্দুল গাফফার খান।
সম্মেলনে বক্তারা বলেন, খতমে নবুওয়াতের আকিদা তাদের ধর্মীয় বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ। এ বিশ্বাসের সুরক্ষা এবং কাদিয়ানিদের বিষয়ে তাঁদের দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সময় তারা কাদিয়ানি পণ্য বর্জনের জন্যও উপস্থিত লোকজনের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, তাদের দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। দাবি উপেক্ষা করা হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় তারা দাফনের কাপড় পরে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
সম্মেলনে বক্তব্য দেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল আউয়াল, নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ ও মুফতি মুহাম্মদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম আশরাফী এবং ঢাকা বাড্ডার মিফতাহুল উলুম মাদরাসার প্রধান মুফতি মাওলানা আব্দুল মজিদ।
এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, ঝালকাঠি জেলা খেলাফত মজলিসের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব সোহাগ, বাংলাদেশ তাবলিগ জামাতের জেলা শুরা সদস্য মো. মোস্তফা খান, জেলা মুবাল্লিগ খুরশিদ আলম জুয়েলসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা।
সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার আলেম, মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম-খতিব ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও ধারাখানা ফয়জুল উলুম কওমি মাদরাসার মুহতামিম মুফতি আইয়ূব খান।
প্রতিনিধি/এএইচ



