শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

মহালয়ায় বদেশ্বরী মন্দিরে হাজারো ভক্তের সমাগম, করতোয়া তীরে পুণ্যস্নান

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

মহালয়ায় বদেশ্বরী মন্দিরে হাজারো ভক্তের সমাগম, করতোয়া তীরে পুণ্যস্নান

মহালয়া উপলক্ষে পুণ্যস্নান, পিণ্ডদান ও পূজা-অর্চনায় পঞ্চগড়ের ঐতিহ্যবাহী ত্রিস্রোতা বদেশ্বরী মন্দির ও করতোয়া নদীর তীর মুখরিত হয়ে উঠেছে। প্রতিবছরের মতো এবারও জেলার বিভিন্ন প্রান্তসহ দূর-দূরান্ত থেকে হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পুণ্যার্থী সমবেত হয়েছেন এই তীর্থস্থানে।

শনিবার (১০ অক্টোবর) ভোর থেকেই বদেশ্বরী মন্দিরে আসতে শুরু করেন ভক্তরা। মন্দিরের অদূরে করতোয়া নদীর তীরে চলে পুণ্যস্নান, পিণ্ডদান ও তর্পণ। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পুণ্যার্থীদের ভিড়। পূজা-অর্চনা ও প্রার্থনায় আধ্যাত্মিক আবহ তৈরি হয় পুরো এলাকায়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, হিন্দু পুরাণে উল্লিখিত ৫১ শক্তিপীঠের অন্যতম বদেশ্বরী শক্তিপীঠ ধাম। তীর্থস্থান হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এর বিশেষ গুরুত্ব রয়েছে। মহালয়া উপলক্ষে ভক্তদের পাশাপাশি বসেছে বিভিন্ন দোকানপাট। খেলনা, খাবারসহ নানা পণ্যের দোকানে উৎসবমুখর হয়ে ওঠে মন্দির ও আশপাশের এলাকা।

বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার পুণ্যার্থী সন্তোষ কুমার রায় বলেন, আমরা পরিবার নিয়ে পূজা দিতে এসেছি। পূজা করেছি, মানত করেছি এবং নিজেদের মতো করে প্রার্থনা করেছি। এখন বাড়ি ফিরে যাচ্ছি।

মহালয়া উপলক্ষে বদেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি মন্দিরে পূজার্চনা করেন এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। পরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভাষা, শিল্প ও সংস্কৃতিতে অনেক জায়গায় মিল থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ণ ছিল এবং থাকবে। সবকিছুই ঠিকঠাক চলছে। এখানে কোনো রকম প্রশ্ন করার কিছু নেই।

এদিকে, মহালয়া উপলক্ষে পুণ্যার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মন্দির কর্তৃপক্ষও সার্বিক ব্যবস্থাপনায় তৎপর রয়েছে। নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আগত ভক্ত ও পুণ্যার্থীরা।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা হরিশ চন্দ্র রায় বলেন, এবারও শান্তিপূর্ণ পরিবেশে পুণ্যস্নান ও পূজা-অর্চনা চলছে। সকাল থেকেই অসংখ্য ভক্ত এসে পূজা-অর্চনা করেছেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর