শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

দুর্গাপুর সীমান্তে পাচারকারীসহ আটক ৩

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

দুর্গাপুর সীমান্তে পাচারকারীসহ আটক ৩

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিক ও এক কথিত মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাঁদের আটক করে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর ভবানীপুর বিওপির একটি টহল দল।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক আদর্শনগর গ্রামের প্রান্ত সরকার (২০), খালিয়াজুরী উপজেলার শালডিঙ্গা গ্রামের নিউটন সরকার (২০) এবং দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের সিলভার সাংমা। আটক সিলভার সাংমার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী পিএসসি জানান, আটক দুই বাংলাদেশি প্রায় দুই মাস আগে সিলভার সাংমার মাধ্যমে ৬ হাজার টাকা দিয়ে ভারতের কুচবিহারে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। শনিবার একইভাবে দেশে ফেরার উদ্দেশ্যে তাঁরা সিলভার সাংমাকে আরও ৬ হাজার ৫০০ টাকা দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন।

আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। পরে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রায় দুই মাস আগে ভারতে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বিজিবি।

বিজিবির অধিনায়ক উল্লেখ করেন, এর আগেও গত ৬ জুন মানব পাচারের অভিযোগে সিলভার সাংমাকে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছিল।

আটক তিন ব্যক্তিকেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেফতার ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর