গত ১৭ বছর বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তিনি অভিযোগ করেন, ওই সময়ে পরীক্ষার খাতায় শিক্ষার্থীরা লিখুক বা না লিখুক, তাদের পাস করিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হতো।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) হলরুমে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, ‘১৭ বছর একটি সরকার এবং একটি রাষ্ট্রের ষড়যন্ত্র ছিল এদেশের জাতিকে মেধাশূন্য করে দেওয়ার জন্য। এই সময়ে লেখাপড়ার মান উঠিয়ে দেওয়া হয়েছিল।’ তিনি বলেন, তখন জিপিএ ও গোল্ডেন জিপিএ পাওয়ার প্রবণতা বাড়লেও অনেক শিক্ষার্থী এসএসসিতে ভালো ফল করার পর উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি পরীক্ষায় প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি।
অতীতের শিক্ষা পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা এই শিক্ষা পদ্ধতি চাই না।’
কোটালীপাড়ার প্রাথমিক শিক্ষার মান ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে শিক্ষকদের পরামর্শ চেয়ে সংসদ সদস্য বলেন, ‘আমাকে আপনারা পরামর্শ দেন, কীভাবে কোটালীপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ উন্নত করা যায়।’ শিক্ষকদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে এস এম জিলানী বলেন, ‘তোমাদের উদ্দীপ্ত করার জন্য আজকের এই আয়োজনটি আমার ক্ষুদ্র প্রয়াস। লেখাপড়ায় আরও মনোনিবেশ করতে হবে। বইয়ের পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জন করতে হবে।’ তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা থেকে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ ও ফুল তুলে দেওয়া হয়।
কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নিলয় হাওলাদার মোস্তফা।
প্রতিনিধি/এসআই




