চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং ঢাকায় বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন জোটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, গত ৮ অক্টোবর নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি করা হয়েছে। জনগণকে অন্ধকারে রেখে এমন গুরুত্বপূর্ণ ও লাভজনক স্থাপনা বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিন্দনীয়। তারা অবিলম্বে এ চুক্তি বাতিলের দাবি জানাই।
বক্তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। বন্দরের নিউমুরিং টার্মিনাল দিয়ে বিপুল পরিমাণ কনটেইনার ওঠানামা করে এবং গত কয়েক বছর ধরে টার্মিনালটি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং করে রাজস্ব আয় বাড়িয়েছে। তাই গুরুত্বপূর্ণ এই অবকাঠামো ইজারা দেওয়ার সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী।
তাদের অভিযোগ, গত ৮ অক্টোবর ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ ভবনের সামনে নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভে পুলিশ হামলা চালায়। এতে বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সিপিবির সাধারণ সম্পাদক কাফি আব্দুল রতন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য সীমা দত্তসহ প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হন।
বরিশালের সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম। বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল জলিলুর রহমান ও আবু জাফর তালুকদার, বাসদ (মার্কসবাদী) বরিশাল জেলা শাখার আহ্বায়ক ছাইদুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ এবং বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল হাওলাদার।
বক্তারা ঢাকায় বিক্ষোভে হামলার তীব্র নিন্দা জানিয়ে আহত নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন।
প্রতিনিধি/এফএ




