শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি নেতা কারাগারে

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি নেতা কারাগারে
গ্রেফতার বিএনপি নেতা মো. আবু তাহের আজাদ

মোবাইল ফোন ও সমাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের আজাদকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১০ অক্টোবর) আদালতের মাধ্যমে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরআগে, শুক্রবার (৯ অক্টোবর) রাতে নিজ গ্রাম রেজ্জাকপুর থেকে আজাদকে আটক করে চাটখিল থানা পুলিশ।

চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হোসেন তানভীর জানান, চাটখিল উপজেলা বিএনপি নেতা মো. আবু তাহের আজাদ এবং চাটখিলের বাসিন্দা অস্ট্রেলিয়া প্রবাসী মো. কাজী পারভেজ দীর্ঘদিন ধরে আমার সঙ্গে শত্রুতা পোষণ করে আসছে। প্রবাসে থাকা পারভেজের প্ররোচনায় আবু তাহের আজাদ আমাকে ও আমার পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন, ফেসবুকে ও ফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। 

তিনি আরও বলেন, প্রতিনিয়ত তাদের এমন হুমকির কারণে আমি ও আমার পুরো পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়ে আমি মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করি। 

এদিকে, আবু তাহের আজাদের গ্রেফতারের বিষয়ে ছাত্রদলের সাবেক আরেক নেতা আহসান হাবিব বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই আবু তাহের আজাদ রেজ্জাকপুর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করে চলেছে। তিনি চাঁদাবাজি, গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে নলকূপ, বাথরুম, পুকুরের গাইড ওয়াল ইত্যাদি সরকারি সুবিধা এনে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ এবং নানা ধরনের সালিশ বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। 

তিনি আরও বলেন, আমি চাটখিল উপজেলা বিএনপির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানাচ্ছি; যার এসব অপকর্মের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার বিরুদ্ধে দ্রুত কঠোর দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, আসামির বিরুদ্ধে মোবাইল ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় জিডি ছিল। ওয়ারেন্ট জারি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। সকল আইনি আনুষ্ঠানিকতা শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

উল্লেখ্য, বাদী মো. হোসেন তানভীরের দায়ের করা জিডির প্রেক্ষিতে ওয়ারেন্ট জারি হয়। এরপর চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তাহের আজাদকে আটক করে এবং আজ আদালতের নির্দেশে কারাগারে পাঠায়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর