শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

শরীয়তপুর জেলা যুবদল নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ এএম

শেয়ার করুন:

শরীয়তপুর জেলা যুবদল নেতাকে অব্যাহতি

তথ্য গোপনের অভিযোগে শরীয়তপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক আশিক মাদবর জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পদে দায়িত্ব পালনের তথ্য গোপন করে জেলা যুবদলের কমিটিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য গোপন করে শরীয়তপুর জেলা যুবদলের কমিটিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার অভিযোগে আশিক মাদবর জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) শরীয়তপুর জেলা যুবদলের নবগঠিত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আশিক মাদবর জিয়ার নাম ঘোষণা করা হয়। তার নাম কমিটিতে আসার পর থেকেই স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

তাদের অভিযোগ, আশিক মাদবর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অথচ এসব তথ্য গোপন করে তিনি যুবদলের জেলা কমিটিতে পদ পেয়েছেন। পরে অভিযোগের সত্যতা যাচাই করে বিভিন্ন মাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়।

সংবাদে উল্লেখ করা হয়, আশিক মাদবর জিয়া ২০২২ সালে গঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

এ ছাড়া ২০২৪ সেশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং ২০২৫ সেশনে কেন্দ্রীয় কমিটির স্কুল ও কলেজ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ ২০২৬ সেশনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংবাদ প্রকাশের পর বিষয়টি যাচাই-বাছাই করে কেন্দ্রীয় যুবদল। এরপর তথ্য গোপন করে জেলা কমিটিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার অভিযোগে শুক্রবার রাতে তাকে দপ্তর সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির বলেন, আশিক মাদবর তথ্য গোপন করেছিলো বিষয়টি আমরা জানতে পেরেছি। পরে কেন্দ্রীয় কমিটিকে জানানোর পর তাকে অব্যাহতি দিয়েছে। এটি ভালো সিদ্ধান্ত হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর