ঢাকার সাভারের আশুলিয়ায় তুলা ও ঝুটের গুদামের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এরআগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক গুদাম ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় রাত ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জামগড়া এলাকার আলাউদ্দিন ও বাবুল মিয়ার মালিকানাধীন একটি ঝুটের গুদামে প্রথম আগুন দেখতে পান স্থানীয়রা। শুরুতে আগুনের মাত্রা কম থাকলেও অল্প সময়ের মধ্যে তা ভয়াবহ রূপ নেয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট আগুন নেভানো কাজে যোগ দেয়।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুন পাশের আরও কয়েকটি ঝুটের গুদাম এবং গুদামসংলগ্ন বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে আগুনের বিস্তার ঠেকানো সম্ভব হলেও এরই মধ্যে ১০টি গুদাম পুড়ে যায়। এছাড়াও পাশের কয়েকটি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রতিনিধি/এমএইচআর




