হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়ার আশায় স্বস্তি ফিরেছিল পরিবারে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে স্বজনরা জানতে পারেন, ১৬ বছরের শিলু রয়েছে লালমনিরহাট সদর হাসপাতালে। কিন্তু তাকে ফিরিয়ে নিতে আসার আগেই হাসপাতাল থেকে নিখোঁজ হয় সে। এখন আবারও অনিশ্চয়তায় পরিবার— কোথায় তাদের শিলু?
শিলু রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকান্দা ঘুনটারি গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে। মানসিক অসুস্থতায় ভুগতে থাকা এই কিশোরী বুধবার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিশামত ঢঢ গাছ গ্রামে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে পুলিশ ও সমাজসেবা বিভাগের মাধ্যমে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিলুর বড় ভাই তাকিবুল ইসলাম শুক্রবার সকালে বোনকে নিতে এসে জানতে পারেন, সে হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছে। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় সমাজসেবা কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আক্তার জানান, জেলা প্রশাসকের নির্দেশে শিলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জনবলসংকটের কারণে তিনি নিজে সার্বক্ষণিক তদারকি করতে পারেননি। পরে পরিবারের সদস্যরা এলে তাকে আনতে লোক পাঠিয়ে নিখোঁজের খবর পান।
জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, শিলু নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর সংশ্লিষ্টদের তাকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এলএ




