জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। তারা বাংলাদেশকে নিঃশেষ করতে চেয়েছিল।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, কোনো দেশকে যদি নিশ্চিহ্ন করতে হয়, তাহলে সে দেশের শিক্ষাব্যবস্থাকে নিশ্চিহ্ন করে দিতে হয়। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সেটাই করছিল। আওয়ামী লীগের সময় পরীক্ষার হলে পরীক্ষার্থীরা না লিখে সাদা কাগজ জমা দিয়ে চলে আসলেও জিপিএ ফাইভ কিংবা একটু লিখলেই গোল্ডেন ফাইভ পেত।
হুইপ আরো বলেন, বর্তমানে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা নিয়ে এই তামাশা খামখেয়ালিপনা বন্ধ করেছে। না পড়ে আর কেউ পাস করবে না। বিএনপি সরকার শিক্ষার উন্নয়নে গত অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে শিক্ষা খাতে। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড।
মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএম-এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, পটুয়াপাড়ার সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন প্রমুখ।
প্রতিনিধি/এলএ




