শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

গল্লামারী সেতু: এবছরও কাজ শেষ হওয়া নিয়ে সংশয়

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

গল্লামারী সেতু: এবছরও কাজ শেষ হওয়া নিয়ে সংশয়

বহুল কাঙ্খিত খুলনার গল্লামারী ব্রীজের কাজের ধীর গতির কারণে চলতি বছরেও কাজ শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। তিন বছর আগে একটি সেতুর কাজ শুরু হলেও গত তিন মাস আগে সেতুটি দৃশ্যমান হয়েছে। অক্টোবরে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। দফায় দফায় দ্রুত কাজ শেষ করার প্রতিশ্রুতি নেওয়া হলেও তা শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। শেষ সময়েও কাজের গতি ধীর।

সড়ক বিভাগ বলছে, সেতুর দু’পাশের সংযোগ সড়ক নির্মাণের জন্য বালু ভরাট করা হয়েছে। মূল সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়কের কার্পেটিংয়ের কাজ শুরু হবে। ইতোমধ্যে মূল সেতুর ওপর ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এরপর প্রায় এক মাস কিউরিং (পানি দিয়ে ঢেকে রাখা) করা হবে। অর্থাৎ মূল সেতুর কাজ শেষ হতেই নভেম্বরের প্রথম সপ্তাহ লেগে যাবে।

সরেজমিন দেখা গেছে, আগে দুটি সেতু দিয়ে যান চলাচল করলেও বর্তমানে একটির নির্মাণকাজ চলায় জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। চলমান সেতুর দু’পাশে দীর্ঘ যানজট লেগে থাকে সব সময়। নির্মাণাধীন সেতুর কাজ ধীর গতিতে চলছে। মূল সেতুর অবকাঠামো পুরোপুরি দৃশ্যমান হলেও দুই পাশের সংযোগ সড়কের কাজ পিছিয়ে। ৬ অক্টোবর মূল সেতুর ওপর ঢালাই দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। তবে দু’পাশের গার্ডারের ঢালাই সম্পন্ন হয়নি।

প্রকল্প সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ গল্লামারী মোড়ে ময়ূর নদের ওপর পাশাপাশি দুটি সেতু নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের ১০ অক্টোবর। ২০২৫ সালের ৩০ মার্চ সেতু দুটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে একটি সেতুর ২৫ শতাংশ কাজও শেষ হয়নি। পরে ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হলেও কাজ শেষ না হওয়ায় দুটি সেতুর নির্মাণ কাজ শেষ করতে ২০২৮ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। ৬৮ দশমিক ৭ মিটার লম্বা ও ২৩ মিটার প্রশস্ত সেতু দুটির মূল অবকাঠামো হবে স্টিলের। দুই পাশে প্রায় ৭৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণসহ মোট ব্যয় ধরা ছিল ৬৭ কোটি ৬৬ লাখ টাকা। তবে ঠিকাদারের গাফেলতিতে দফায় দফায় সময় বাড়িয়েও কাজ শেষ করা যায়নি।

Gallamari_Bridge2

নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর কমিটির সভাপতি মাহাবুবুর রহমান মুন্না বলেন, নগরীর ব্যস্ততম এমন গুরুপূর্ণ প্রবেশ পথে সেতু নির্মাণের সিদ্ধান্ত ছিল সময়োপযোগি। কিন্তু সেতুটি নিমার্ণের শুরু থেকে যে সময়ক্ষেপণ করা হয়েছে তা জনগণের ধৈর্য্যচুতি ঘটিয়েছে। এখনো কাজের যে অগ্রগতি তাতে চলতি বছর নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে।

সড়ক বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী তানিমুল হক বলেন, সেতুর মূল কাজ শেষ। ঢালাই সম্পন্ন হয়েছে। ঢালাইয়ের পর ২৮ দিন কিউরিংয়ের জন্য রাখা হবে। পরে রোড মার্কিং করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আশা করছি ১৫ নভেম্বরের মধ্যে যান চলাচল করবে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর