কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটায় কাজ করার সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন আরও দুই শ্রমিক।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন- দক্ষিণ চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ উৎপল এবং একই গ্রামের ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চরপুমদী এলাকার সজলের ইটভাটায় সকাল থেকে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে কাজ চলাকালে হঠাৎ একটি দেয়াল ভেঙে পড়ে। একই সঙ্গে দেয়ালের ওপর রাখা ইটের সারি শ্রমিকদের ওপর ধসে পড়ে। এতে চার শ্রমিক চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে চাপাপড়া শ্রমিকদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই মোহাম্মদ উৎপল ও গোলাপ মিয়ার মৃত্যু হয়। আহত অপর দুই শ্রমিককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের ভর্তি করা হয়।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দেয়ালটি কী কারণে ধসে পড়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রতিনিধি/এলএ




