শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

নরসিংদীতে যুবদল নেতার বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

নরসিংদীতে যুবদল নেতার বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

নরসিংদীতে যুবদল নেতা মোবারক হোসেনের বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুটও পাওয়া যায়। চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। 

মোবারক হোসেন বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং আমদিয়া ইউনিয়ন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পরে আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে মোবারক হোসেনের বাড়ির প্রধান ফটকের সামনে এসব জিনিস পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এসব উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোবারক হোসেন বলেন, ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় ছিলেন। বাড়ি থেকে ফোন করে ঘটনাটি জানানো হলে দ্রুত তিনি বাড়িতে আসেন। পরে দলের স্থানীয় নেতাদের পাশাপাশি পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে শপিং ব্যাগটি খুললে এর ভেতরে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও ‘জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট পাওয়া যায়।

মোবারক হোসেনের দাবি, চিরকুটে তাঁকে গালাগালি করা হয়েছে। পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, সে বিষয়ে হুমকি দেওয়া হয়েছে। এছাড়া চিরকুটে লেখা বিষয়টি কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় মোবারক হোসেন মাধবদী থানায় একটি অভিযোগ করেছেন।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, আমরা ঘটনার সঠিক তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিষয়টি জানার পরপরই মোবারক হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর