শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

কুয়াশার চাদরে ঢাকা তেঁতুলিয়া, ২০ ডিগ্রিতে নামল তাপমাত্রা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ এএম

শেয়ার করুন:

কুয়াশার চাদরে ঢাকা তেঁতুলিয়া, ২০ ডিগ্রিতে নামল তাপমাত্রা

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরে প্রবেশদ্বার পঞ্চগড়ের আবহাওয়া হিমেল হাওয়ায় বদলে যাচ্ছে। ভোরের কুয়াশা, শীতল বাতাস আর কমতে থাকা তাপমাত্রায় ইতোমধ্যে টের পাওয়া যাচ্ছে শীতের আগমনি স্পর্শ।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস একই দিন তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই ভোরের আবহাওয়ায় পরিবর্তনের আভাস মিলছে। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে হালকা কুয়াশার আস্তরণ। সঙ্গে বইছে মৃদু শীতল বাতাস। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক থাকলেও ভোর ও রাতের শেষভাগে বাড়ছে শীতের অনুভূতি।

সকালের কুয়াশাচ্ছন্ন পরিবেশে তেঁতুলিয়ার জনপদে তৈরি হচ্ছে অন্যরকম আবহ। কেউ কেউ নির্মল সকালের আমেজ উপভোগ করতে হাঁটতে বের হচ্ছেন। অন্যদিকে, শীতের তীব্রতা বাড়ার আশঙ্কায় শিশু ও বয়স্কদের জন্য অনেক পরিবার ইতোমধ্যে হালকা গরম পোশাক প্রস্তুত রাখতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ঘুম থেকে উঠেই এখন কুয়াশার উপস্থিতি চোখে পড়ছে। দিনের বেলায় কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর থেকে এবং ভোরের দিকে বাতাসে শীতের পরশ স্পষ্ট হয়ে উঠছে। এতে উত্তরাঞ্চলের জনপদে ধীরে ধীরে তৈরি হচ্ছে শীতের আবহ।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, কয়েকদিন ধরেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভোরের দিকে ঠান্ডার অনুভূতি বাড়ছে। এটি মৌসুমি পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া। আগামী দিনগুলোতে তেঁতুলিয়ায় তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর