মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ১৮ বছরে প্রায় ৪০ লাখ কোটি টাকা লুট করে দেশকে আরও ভঙ্গুর করে দেওয়া হয়েছে। এ কারণে শিক্ষকদের যথাযথ বেতন দেওয়া সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ১৬২ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, আমার দেশটা গরিব। এই গরিব দেশের মধ্য থেকেই ১৮ বছরে প্রায় ৪০ লাখ কোটি টাকা লুট করে দেশটাকে আরও ভঙ্গুর করে দেওয়া হয়েছে। সেজন্য আপনাদের যথাযথ বেতন দিতে পারি না। তারপরও যেটুকু পারি, অন্তত বেতন তো পান। ঘি-ভাত না হলেও ডাল-ভাত তো খান।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, যে স্কুলে বা কলেজে শিক্ষকতা করেন, সেটিকে আরও উন্নত করতে হবে। শিক্ষার মান এমনভাবে বাড়াতে হবে, যাতে শিক্ষার্থীদের অন্য জায়গায় যেতে না হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার প্রত্যেক স্কুলে একটি করে মাঠ এবং স্কুলের বাইরে প্রত্যেক ইউনিয়নে একটি করে মাঠ করার প্রকল্প হাতে নিয়েছে। ছেলে-মেয়েরা খেলাধুলায় ব্যস্ত থাকলে মাদক তাদের স্পর্শ করবে না।
দুষ্টের দমনে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ভালো, তাদের সঙ্গে তিনি থাকবেন। কেউ খারাপ হলে সে ভাই, আত্মীয়, বন্ধু বা প্রতিবেশী হলেও ছাড় দেওয়া হবে না। তার প্রতি প্রশাসন কঠোর হবে এবং আইনও কঠোরভাবে প্রয়োগ করা হবে।
বাসাইলে কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, ডাকাতি ও রাহাজানি ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট দেওয়ান হুমায়ুন কবির রিপন, বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়ুব মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, বাসাইল থানার ওসি আলমগীর কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ মোল্লা, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষিকা ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এআর




