বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের পৃথক দুটি মামলায় নুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুটি মামলায় তাকে ৩০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী দুই শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় নুর ইসলামকে আদালতে হাজির করা হয়।
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ মার্চ আড়োলা আবাসন প্রকল্পে নিজের ঘরে ডেকে নিয়ে খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ করেন নুর ইসলাম। বিষয়টি কাউকে জানালে তাদের হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন এক শিশু জ্বরে আক্রান্ত এবং অন্য শিশুর তীব্র রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে কাহালু থানায় মামলা করেন। পুলিশ দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে নুর ইসলামকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। রাষ্ট্রপক্ষ আদালতে ১০ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ ও দুই শিশুর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল মান্নান বলেন, আদালত দুটি পৃথক মামলায় নুর ইসলামকে ৩০ বছর করে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আইন অনুযায়ী একটি সাজা ভোগের পর অপর সাজা কার্যকর হবে।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানার ১ লাখ টাকা আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে আদায় করে ভুক্তভোগী দুই শিশুর পরিবারকে দেওয়া হবে। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট।
প্রতিনিধি/এআর




