শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে পাঁচগাঁও এলাকায় অভিযান চালানো হয়। শেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নির্দেশনায় এসআই কামারুজ্জামান সঙ্গীয় সদস্যদের নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে চারজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। এরপর নিয়ম অনুযায়ী তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবির অভিযানে আটক চারজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকার মমতাজ আলীর ছেলে জুয়েল রানা (২৮), দক্ষিণ রাণীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মুছা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে কাউছার আলী (৩০) এবং একই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে রিয়াদ হাসান (২০)।
শেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আটক চারজনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকসহ চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে ডিবি পুলিশের অভিযান ও কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এজে




