বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইলিশ প্রজনন নিষেধাজ্ঞার প্রথম দিনে পদ্মা-মেঘনার অবতরণ কেন্দ্র ফাঁকা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

ইলিশ প্রজনন নিষেধাজ্ঞার প্রথম দিনে পদ্মা-মেঘনার অবতরণ কেন্দ্র ফাঁকা

সাগর থেকে নদীতে আসা ইলিশ মাছের নিরাপদে ডিম ছাড়ার জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রমে সব ধরনের মাছ আহরণে ২২  দিনব্যাপী নিষেধাজ্ঞা আজ শুরু হয়েছে। প্রথম দিনে পদ্মা ও মেঘনা নদীর মৎস্য অবতরণ কেন্দ্র ফাঁকা দেখা গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় শহরের তিন নদীর মোহনা বড় স্টেশন, টিলাবাড়ী ও লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা গেছে পুরো নদী ফাঁকা। কোথাও জেলে নৌকার দেখা মেলেনি। ট্রলার নিয়ে নদীতে মাইকিং করে জেলেদের সচেতন করতে দেখা গেছে জেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের।

অপরদিকে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটও ফাঁকা। যেখানে নিষেধাজ্ঞার আগে গতকাল বুধবার (৭ অক্টোবর) ছিল ব্যাপক কর্মচাঞ্চল্য। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পাইকারি ও খুচরা ইলিশ কেনাবেচা হয়েছে। তবে এখন ভিন্ন চিত্র। অধিকাংশ আড়তের সামনে ফাঁকা। কিছু আড়তের সামনে লোক থাকলেও তারা হিসাব-নিকাশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে।

জেলা টাস্কফোর্সের পক্ষ থেকে ২২ দিনের জন্য শহরের যত বরফ কল রয়েছে, সবগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দেশীয় জলাশয়ে চাষ করা মাছ বিক্রি করতে নিষেধাজ্ঞা নেই।

ঘাটের ইলিশ বিক্রেতা আকবর আলী বেপারী বলেন, প্রতিদিন সকাল হলে ৯টা থেকে ১০টার মধ্যে আড়তে থাকি। যে কারণে আজকেও ওই সময় এসে উপস্থিত হয়েছি। তবে তেমন কোনো কাজ নেই। অনেকেই আড়ৎ পরিষ্কার-পরিচ্ছন্ন করছে।

এই ঘাটে ইলিশ ক্রয়-বিক্রির কাজে সর্বদা শতাধিক শ্রমিক কাজ করেন। তাদেরকে আড়ত ও বিভিন্ন স্থানে অবসর সময় কাটাতে দেখা গেছে।

শ্রমিক সোলায়মান ও আনিছুর রহমান বলেন, কাজ না থাকলেও বাসায় বসে থাকতে ভালো লাগে না। যে কারণে আড়তের পাশে বসে আড্ডা দিয়ে সময় পার করছি। ২২ দিন আমাদের অবকাশ কাটাতে হবে। সবাই এই সময়ের জন্য বেকার হয়ে পড়েছে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, অভয়াশ্রম এলাকার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত জেলা টাস্কফোর্সের পাশাপাশি নৌ বাহিনী এবং কোস্টগার্ডসহ তিনটি দল অভিযান পরিচালনা করছে। নিষেধাজ্ঞার ২২ দিনব্যাপী ২৪ ঘণ্টা ধরে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ইলিশের প্রজনন মৌসুমের পর মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান ৮ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হবে ২৯ অক্টোবর রাত ১২টার দিকে। এ সময়কালে পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা ও জরিমানার বিধান রয়েছে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর