২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নাটোর রেলস্টেশন থেকে চুরি হওয়া জার্মানি পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ব্যাগটি উদ্ধারে অভিযানে রয়েছে পুলিশ। ইতোমধ্যে রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে ব্যাগ উদ্ধারে অভিযানে নামে পুলিশ। এর আগে, ওইদিন বিকেলে স্টেশন থেকে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগটি চুরি হয়।
সিসিটিভি ফুটেজে নাটোর রেলস্টেশনে জার্মানি পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের সঙ্গে হলুদ কটি পরা এক যুবককে কথা বলতে দেখা যায়। একসময় সুযোগ বুঝে কৌশলে ওই যুবক নিজের পরনের কটি খুলে ব্যাগটি ঢেকে পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে নাটোরের উদ্দেশে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ওঠেন এক জার্মান তরুণ। বিকেল নাগাদ তিনি নাটোর রেলস্টেশনে নামেন। নাটোর থেকে অন্য একটি ট্রেনে ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা স্টেশনের দিকে যাওয়ার কথা ছিল তার। এজন্য নাটোর স্টেশনের যাত্রী বিশ্রামাগারে অবস্থান করছিলেন তিনি। এ সময় ২৫ বছর বয়সী এক যুবক ট্রেনের টিকিট কেটে দেওয়ার কথা বলে ওই জার্মান পর্যটকের সঙ্গে পরিচিত হয়।
একপর্যায়ে যুবকটি কৌশলে ক্রিল ল্যান্ডারের ব্যাগ, ল্যাপটপ ও ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগ না পেয়ে নাটোর স্টেশনে কান্নায় ভেঙে পড়েন তিনি। এরপর বিষয়টি তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। নাটোর রেলস্টেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সান্তাহার রেলওয়ে থানাকে ঘটনাটি অবহিত করে এবং ওই জার্মান তরুণকে নাটোর সদর থানায় যাওয়ার পরামর্শ দেয়। এরপর তিনি থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান।
নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান জানান, রাতে ওই জার্মানি পর্যটক থানায় এসে বিষয়টি জানান। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে যান। পরে স্টেশনের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগটি উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসআই




