নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৭ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী মোল্যা (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় আকরাম মোল্যা (৪৬) নামে আরেক আসামি পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতার মো. তৈয়ব আলী মোল্যা লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের মঙ্গলপুর উত্তর পাড়া গ্রামের মৃত বালা মোল্যার ছেলে এবং পলাতক আসামি আকরাম মোল্যা একই গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গত বুধবার (৭ অক্টোবর) দিবাগত-রাতে গোপন সংবাদ পেয়ে ডিএনসির একটি দল লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের কোটাকোল বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে একটি লাগেজ, ব্যাগের মধ্যে স্কচটেপ প্যাঁচানো ৭ টি প্যাকেটে মোট ১৭ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী মোল্যাকে গ্রেফতার করা হয়। এছাড়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আরেক আসামি আকরাম মোল্যা পালিয়ে যান। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার ঢাকা মেইলকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তৈয়ব আলী মোল্যা জানায়, সে পেশায় একজন ট্রলার চালক এবং পলাতক আসামি মো. আকরাম মোল্যা তার আপন চাচাতো ভাই।
তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা নদীকেন্দ্রিক হওয়ায় আসামিরা যোগসাজশে উপজেলার তেলকাড়া, মহাজন ঘাট, কোটাকোল ঘাটসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ, ক্রয়, বিক্রয়, ও চোরাচালান করে আসছে। আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/এজে




