রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) মব করে উপাচার্য ও সেকশন অফিসারকে হেনস্তার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বেলা ১১টায় চিকিৎসক নেতারা রামেবি পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
গ্রেফতার আসামিরা হলেন— নগরীর বহরমপুর এলাকার আবদুল হান্নানের ছেলে আলী আকবর হোসাইন (৩০) এবং একই এলাকার আলীমুদ্দীন শেখের ছেলে দেলোয়ার হোসেন (৫৫)।

রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এর আগে একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করা হলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রামেবি উপাচার্যয়ের কার্যালয় পরিদর্শন করেছেন জামায়াত, ছাত্রদল ও উলামা দলের নেতৃবৃন্দ। এছাড়া চিকিৎসক নেতারাও হুঙ্কার দিয়েছেন। বুধবার রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া বৃহস্পতিবার সকালে চিকিৎসক নেতা প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর, প্রফেসর এম মোর্শেদ জামান, প্রফেসর এ এস এম আব্দুল্লাহ এবং নার্স নেতা আবু তাহেরসহ আরও অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিনিধি/টিবি




