সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়ন। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
৪৮ বিজিবি সূত্র জানায়, বাংলাবাজার, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, তামাবিল, সংগ্রাম ও কালাইরাগ বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ২২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানের পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিকস, ফুচকা, গরু, কম্বল, চা-পাতা, বাসমতি চাল ও মাদকদ্রব্য।
৪৮ বিজিবির অধিনায়ক মো. নাজমুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি জব্দ করা চোরাচালানের পণ্যের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এজে




