পেশিশক্তি প্রদর্শন করে হিরণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) কেন্দ্রীয় যুবদল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দিদার দাড়িয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত দিদার দাড়িয়ার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত কারও স্থান যুবদলে নেই।” সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি।
তবে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে দিদার দাড়িয়া অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কমেন্ট ও পোস্টের কারণে কিছু লোকের সঙ্গে আবু হানিফার হাতাহাতির ঘটনা ঘটে। পুরো ঘটনা না জেনেই আমাকে বহিষ্কার করা হয়েছে।”
দিদারের দাবি, ঘটনার প্রকৃত পরিস্থিতি বিবেচনা না করেই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এজে




