বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে মিটার স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে মিটার স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দিতে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল বাবু (৩১) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল উপজেলার খামারগাতী গ্রামের বাবলু মণ্ডলের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির কাজিপুর সাব-জোনাল অফিসে দৈনিক হাজিরাভিত্তিক লাইনম্যান হিসেবে কাজ করতেন।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাজিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাইদুল ইসলাম জানান, সকালে সহকর্মীদের সঙ্গে গোবিন্দপোটল এলাকায় নতুন মিটার স্থাপনের কাজে যান রাসেল। পাশের একটি লাইন বন্ধ থাকায় রাসেল সেটিও বন্ধ মনে করে খুঁটিতে ওঠেন। এ সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলে পড়েন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান ডিজিএম।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, অসাবধানতাবশত বিদ্যুতের খুঁটিতে ওঠার পর রাসেলের হাত তারে লেগে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর