মুক্তিযুদ্ধের সত্য লাখো মানুষের রক্ত দিয়ে গড়া বলে মন্তব্য করেছেন লেখক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব।
বুধবার (৭ অক্টোবর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ সেমিনার ‘লেখকের মুখোমুখি’ অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
হারুন হাবীব বলেন, মুক্তিযুদ্ধের মতো একটি সুবিশাল জাতীয় ইতিহাসকে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখনো কখনো পরিবর্তিত হতে দেখি। এটা আমাদের দুর্ভাগ্য। একটি শ্রেণির কাছে মুক্তিযুদ্ধ যেন শুধু একটি গোলমালের বিষয়—অর্থাৎ ওই বছরটায় শুধু গোলমাল হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধ কোনো গোলমাল নয়; এটি একটি স্লোগান, একটি জীবন এবং জাতীয় স্বাধীনতার প্রতীক।
তিনি বলেন, মুক্তিযুদ্ধকে যখন বিতর্কিত করার চেষ্টা করা হয়, তখন তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। যাদের জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে, তারা প্রকৃত ইতিহাস নিয়ে বিভ্রান্ত হন। এর ফলে জাতীয় গৌরবের অস্তিত্ব তাদের কাছে ম্লান হয়ে যায়। এতে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাস ক্ষতিগ্রস্ত হয়।
হারুন হাবীব আরও বলেন, খুব সচেতনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবদমনের চেষ্টা করা হয়েছে। যুগে যুগে এমনটা হয়েছে, এখনো হচ্ছে।
মুক্তিযুদ্ধের ইতিহাস পুনর্লিখনের বিষয়ে তিনি বলেন, নতুন করে তো মুক্তিযুদ্ধের ঘটনা ঘটবে না। ইতিহাস ইতিহাসই। নতুন করে ইতিহাস লেখা যায় না। কিন্তু আমাদের রাজনৈতিক ও সামাজিক দুর্ভাগ্য হলো, আমরা ইতিহাস পুনর্লিখনের চেষ্টা করি। এটা শুধু অন্যায় নয়, জাতীয় অপরাধ।

তিনি বলেন, সত্য যা, ঘটনা যা, তার নিজস্ব একটা শক্তি থাকে। সেই সত্য বা ইতিহাসের সত্যকে চাপা দেওয়া যায় কয়েক দিন, কয়েক মাস কিংবা কয়েক বছরের জন্য। কিন্তু সত্যের নিজস্ব শক্তি আছে, প্রতিরোধের শক্তি আছে। সেই শক্তি দিয়েই সত্য আবার ফিরে আসে।
সমাজ নিয়ে যাঁরা চিন্তা করেন, তাদের উদ্দেশে হারুন হাবীব বলেন, ঐতিহাসিক সত্যকে রক্ষা করে আপনারা সবকিছু করতে পারেন, কিন্তু ইতিহাসকে আঘাত করে নয়। আমাদের দুর্ভাগ্য, আমরা ইতিহাসকে আঘাত করছি। মুক্তিযুদ্ধের মতো একটি সুবিশাল জাতীয় ইতিহাসকে আমরা আক্রান্ত করছি এবং তরুণ প্রজন্মকে সত্যিকার ইতিহাস থেকে দূরে রাখছি।
সেমিনারে হারুন হাবীবের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘প্রিয়যোদ্ধা প্রিয়তম’ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক মহসিনা হোসাইন।
প্রতিনিধি/এসএস




