বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

৫৫ বছরেও পাকা হয়নি ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

৫৫ বছরেও পাকা হয়নি ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

স্বাধীনতার পর থেকেই সড়কটি সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বাসিন্দারা। তবে ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই দাবি পূরণ হয়নি। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি সংস্কার, প্রশস্তকরণ ও পাকাকরণের উদ্যোগ না থাকায় পাঁচ গ্রামের হাজারো মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নলকুড়া ইউনিয়নের ডেফলাই, গান্ধীগাঁও, বাকাকুড়া, ভালুকা ও ফুলহাড়ি গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ চলাচল করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সরু কাঁচা সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। এতে সড়কটি স্বাভাবিক চলাচলের জন্য অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, বর্ষা এলেই সড়কটির দুরবস্থা আরও প্রকট হয়। কাদা-পানিতে সড়কটি তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এমনকি হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদেরও কাদামাটি পেরিয়ে নিয়মিত স্কুল-কলেজে যেতে হয়।

আরও পড়ুন

মাইকে ঘোষণা দিয়ে তাহিরপুরে পাঁচ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

স্থানীয়দের ভাষ্য, সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় কৃষিপণ্য পরিবহন ও সময়মতো বাজারজাত করতে নানা সমস্যায় পড়তে হয়। শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষাকালে ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়।

নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান জানান, সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের বিষয়ে উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আবেদন করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী অন্তো বল জানান, সড়কটির বর্তমান অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় উন্নয়নকাজের জন্য ইতোমধ্যে একাধিক প্রকল্পে প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্প থেকে অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে সড়কটির সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণের কাজ করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর