ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮১ লাখ ৯০ হাজার টাকা।
বুধবার (৭ অক্টোবর) ভোরে ফেনী সদর উপজেলার গীতাবাড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
বিজিবি জানায়, সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস পাওয়া যায়। আটক পণ্য ও যানবাহনের সিজার মূল্য ৮১ লাখ ৯০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী হায়দার জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক করা ভারতীয় পণ্য ও যানবাহনের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এজে




