বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন। 

নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে। 

থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজকেও শ্রমিকরা চালকলে ধান সিদ্ধের কাজ করছিলেন। সকালে হঠাৎ করেই বিকট শব্দে চালকলটির বয়লারে বিস্ফোরণ ঘটে। এতে চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় শ্রমিকরা দিক বিদিক ছোটাছুটি শুরু করে এবং আতঙ্কিত হয়ে পড়ে। পরে ধোঁয়া কিছুটা কমে গেলে শ্রমিকরা এসে দেখেন চাতালে আব্দুল খালেক পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত চার শ্রমিক বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে চালকল মালিক পলাতক রয়েছেন। 

ঘটনার সময় ওই চাতালে কাজ করছিলেন নারী শ্রমিক হামিদা বেগম। তিনি জানান, হঠাৎ করেই বিকট শব্দ হয়। তারপর আর ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছিলো না। ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। চাতাল গুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা নিরাপত্তার সাথে কাজ করতে চাই। 

নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বলা যাবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে। নিহত আব্দুল খালেকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের মাঝে হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর