বরগুনার লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ ৯ শিক্ষার্থীকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্য ১১ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্লাস চলাকালে সপ্তম শ্রেণির এক ছাত্রী প্রথমে তীব্র শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। এর পরবর্তী ৩০ মিনিটের মধ্যে সপ্তম থেকে দশম শ্রেণির আরও ১৯ শিক্ষার্থীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দেয়। খবর পেয়ে অভিভাবকেরা দ্রুত বিদ্যালয়ে এসে সন্তানদের চিকিৎসার ব্যবস্থা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন জানান, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার পরপরই অভিভাবকদের বিষয়টি অবহিত করা হয় এবং চিকিৎসাসেবার ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে বিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য বলেন, ‘শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে আসা ৯ জন শিক্ষার্থীকেই চিকিৎসার পর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তারা সবাই মূলত গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছিল। বর্তমানে ভর্তি থাকা সব শিক্ষার্থীই পুরোপুরি আশঙ্কামুক্ত রয়েছে।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বলেন, ‘ঘটনাটি জানার পর থেকেই পুলিশ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শিক্ষার্থীরা সবাই শঙ্কামুক্ত রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত ও স্বাভাবিক।’
প্রতিনিধি/এসটি




