বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

আনসার সদস্যের মানবিকতায় প্রসূতি মায়ের জীবন রক্ষা

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

আনসার সদস্যের মানবিকতায় প্রসূতি মায়ের জীবন রক্ষা
আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন।

নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন এক প্রসূতি মাকে নিজের রক্ত দিয়ে জীবন বাঁচাতে সহায়তা করেছেন আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সন্তান প্রসবের ব্যথাজনিত শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের নলোয়া গ্রামের রুমা আক্তার (২৫)। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকেরা সিজারের মাধ্যমে সন্তান প্রসবের পরামর্শ দেন।

রুমা আক্তারের এটি তৃতীয় সিজার হওয়ায় তার রক্তশূন্যতাসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়। এ অবস্থায় চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে তাকে তিন ব্যাগ ‘ও পজিটিভ’ (O+) রক্ত দেওয়ার পরামর্শ দেন।

রক্তের প্রয়োজনের কথা জানতে পেরে স্বজনেরা ডোনার খুঁজতে থাকেন। তবে তাৎক্ষণিকভাবে ডোনার না পাওয়ায় তারা অসহায় হয়ে পড়েন।

এ সময় স্বজনদের আকুলতা দেখে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন আনসার সদস্য মো. আশরাফুল ইসলাম। তার নিজের রক্তের গ্রুপ না মেলায় তিনি বিষয়টি উপজেলা প্রশিক্ষক রুহুল আমিনকে জানান। রুহুল আমিনের রক্তের গ্রুপ রোগীর সঙ্গে মিলে যাওয়ায় তিনি কোনো দ্বিধা না করে রুমা আক্তারকে রক্তদান করেন।

রুহুল আমিনের তাৎক্ষণিক উদ্যোগ ও মানবিক সহায়তায় সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়। এতে সংকটাপন্ন অবস্থায় থাকা প্রসূতি মায়ের জীবন রক্ষা পায়।

এ ঘটনায় রুমা আক্তারের ছোট বোন মোছা. হাফছা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সংকটাপন্ন মুহূর্তে যখন রক্ত দিতে কেউ এগিয়ে আসেনি, তখন এই মানবিক উপজেলা প্রশিক্ষক মানবতার দূত হয়ে পাশে দাঁড়িয়েছেন।”

এ সময় তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর