বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তপ্ত বিদ্যালয়, সঠিক তদন্ত দাবি

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তপ্ত বিদ্যালয়, সঠিক তদন্ত দাবি

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজমের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয়ে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয় লোকজন। প্রধান শিক্ষকের মৃত্যুর জন্য বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে দায়ী করে তাদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সহকারী শিক্ষক আকলিমা আক্তারকে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। বিক্ষোভের কারণে বিদ্যালয়ের পাঠদানসহ সব কার্যক্রম বন্ধ থাকে। 

খবর পেয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে যান। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে বিক্ষোভকারীরা বিদ্যালয় ত্যাগ করেন। 

বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক নুর আজমকে সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম ও আকলিমা আক্তার বিভিন্ন সময় হেনস্তা ও হুমকি-ধমকি দিয়েছেন। এসব কারণে প্রধান শিক্ষক মানসিক চাপে ছিলেন বলে দাবি তাদের। সোমবার দুপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নুর আজমের মৃত্যু হয়। ওই রাতেই তার দাফন সম্পন্ন হয়। 

S

এরপর মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বিদ্যালয়ে গিয়ে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিচার ও তদন্তের দাবি জানান। 

নুর আজমের ভাগনে আব্দুস সালাম মিঠু বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম ও আকলিমা আক্তার প্রায়ই প্রধান শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করতেন। তারা নানাভাবে তার সঙ্গে অপেশাদার আচরণ করতেন। এসব কারণেই প্রধান শিক্ষক হঠাৎ মারা গেছেন বলে তারা মনে করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম। তিনি বলেন, প্রায় ৪০ দিন আগে প্রধান শিক্ষকের সঙ্গে একটি বিষয় নিয়ে তার তর্কাতর্কি ও কথা-কাটাকাটি হয়েছিল। এরপর বিষয়টি ভুলে গিয়ে তারা স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছিলেন। এখন প্রধান শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে কিছু লোকজন মব সৃষ্টি করে এসব করছেন। 

ঘটনাস্থলে থাকা পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, প্রধান শিক্ষক নুর আজমের মৃত্যুকে কেন্দ্র করে সকালে বিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো শোনা হয়েছে। পরে পরিস্থিতি শান্ত করা হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাদের নিরাপত্তার জন্য পুলিশি সহায়তায় বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তাদের পাঠদানের বিষয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নেবে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর