মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাঁচ লাখ টাকা চাওয়ার অডিও ভাইরাল, যুব অধিকার পরিষদ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ এএম

শেয়ার করুন:

পাঁচ লাখ টাকা চাওয়ার অডিও ভাইরাল, যুব অধিকার পরিষদ নেতা বহিষ্কার
অভিযুক্ত ফারুক হোসেন ও বহিষ্কারাদেশ। ছবি: ঢাকা মেইল

‘ভিপি নুরের নির্দেশ-৫ লাখ টাকার কম হবে না’ এমন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী অডিও রেকর্ড ভাইরাল হলে সন্ধ্যায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ তাদের প্যাডে অভিযুক্ত ফারুক হোসেনকে লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। সংগঠনটির উপ-দপ্তর সম্পাদক নাঈম হোসেন শান্তের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

অডিওটি লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনের বলে দাবি করা হচ্ছে। এতে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তিকে ‘বাবা’ সম্বোধন করে পাসপোর্ট জমা দেওয়া, ওয়ার্ক পারমিট ও ভিসার ব্যবস্থা, পুলিশ ক্লিয়ারেন্স এবং বিএমইটি-সংক্রান্ত কাজের কথা বলতে শোনা যায়। এসব খরচ বাবদ আপাতত পাঁচ লাখ টাকা প্রয়োজন বলেও কথোপকথনে উল্লেখ করা হয়। বাকি টাকা এক-দুই মাস পর দেওয়া যাবে বলেও বলা হয়।

ভাইরাল অডিওতে কয়েকবার ‘বাবা’ সম্বোধন করে টাকা চাওয়ার কথা শোনা যায়।

তবে কথোপকথনের অপর প্রান্তে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে অডিওটির পূর্ণাঙ্গতা, সত্যতা কিংবা এতে কোনো ধরনের সম্পাদনা বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।

অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের মন্তব্য করছেন ফেসবুক ব্যবহারকারীরা। কেউ কেউ ফারুক হোসেনের বিরুদ্ধে বিদেশ পাঠানোর কথা বলে নিয়মিত অর্থ নেওয়ার অভিযোগ তুললেও, এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে ফারুক হোসেন বলেন, তিনি লক্ষ্মীপুরের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলায় একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার দাবি, ভাইরাল হওয়া অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

ফারুক হোসেন বলেন, আমার এলাকার সাকিব নামে একজন আমাকে তার পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য বলেছিল। আমি তাকে বলেছিলাম, পাঁচ হাজার টাকা খরচ হবে। আমার মনে হয়, ওই পাঁচ হাজার টাকার কথাকে পাঁচ লাখ টাকা বানানো হয়েছে।

এ বিষয়ে সাকিব বলেন, আমার কাছে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছিল। পাঁচ লাখ টাকা চাওয়ার কোনো বিষয় নেই। তিনি আরও বলেন, এই রেকর্ডের অপর প্রান্তে তো কারও ভয়েস নেই।

এ বিষয়ে রাত ৮টার দিকে নুরুল হক নুরু তার ফেসবুক একাউন্টে মন্তব্যে করেছেন, আমার নাম ব্যবহার ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি)-কেও বলা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর