দিনাজপুরের বিরামপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার কৃষ্টচাঁদপুরে এ ঘটনা ঘটে।
নিহত মুকুল হোসেন কৃষ্টচাঁদপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।
ঘটনার পর অভিযুক্তসহ পরিবারের কয়েকজন সদস্য বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বড় ভাই এটিএম শামসুজ্জামান ও ছোট ভাই মুকুল হোসেনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় বড় ভাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত হন অটোরিকশাচালক মুকুল হোসেন (৩৮)। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে নেওয়ার প্রস্তুতিকালে হাসপাতালেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
প্রতিনিধি/এলএ




