জামালপুরের মেলান্দহের ঘোষেরপাড়া ইউনিয়নে সার বিতরণ নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক হট্টগোল হয়েছে। এ সময় তিনজন কৃষক আহত হন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেলতৈল বাজারে সার নিতে আসা কৃষকদের মাঝে উত্তেজনা এবং হট্টগোল হয়।
আহত কৃষক ওই ইউনিয়নের ছবিলাপুর গ্রামের আলিম উদ্দিন (৪৫) এবং বাকি দুজন কৃষকের নাম জানা যায়নি। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সার নিতে এসে প্রয়োজন অনুযায়ী সার না পেয়ে কৃষকদের সঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে ডিলার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, সার বিতরণের সময় আগে-পরে নেওয়া নিয়ে একটু বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় অনেক মানুষের ধাক্কাধাক্কিতে দুই-একজন আহত হতে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো সার বিতরণ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, সার বিতরণের সময় আগে-পরে নেওয়া নিয়ে ঝামেলা হয়েছিল। তবে হতাহতের কোনো খবর পায়নি। আমাদের পর্যাপ্ত সার রয়েছে। সারের কোনো সংকট নেই।
প্রতিনিধি/এলএ




