চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর বিলকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান জেলা সদরের শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা আব্দুল আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে মায়ের সঙ্গে আলাতুলি ইউনিয়নের রানীনগর বিলকান্দি এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে শিশু আব্দুর রহমান। সোমবার সকালে সবার অলক্ষে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্বজনরা।
পরে দ্রুত তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম হোসাইন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/এসএস




