নওগাঁর আত্রাইয়ে ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে এক যুবকের কিল-ঘুষিতে ইয়াছিন মন্ডল (৮০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধুগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী ওই গ্রামের গরিবুল্লা মণ্ডলের ছেলে।
নিহতের ছেলে সারোয়ার হোসেন জানান, তারা সবাই আহসানগঞ্জ বাজারে ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে একই গ্রামের রহিদুল ইসলামের ছেলে মিম হোসেনের (১৯) ছাগল তাদের লাগানো শিমগাছের পাতা খাচ্ছিল। এ নিয়ে মিম হোসেনের সঙ্গে তার বাবার তর্ক হয়। একপর্যায়ে মিম হোসেন তার বাবাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন।
এতে ইয়াছিন আলী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারোয়ার হোসেনের দাবি, মিম হোসেন তাঁর বাবার বুকে জোরে আঘাত করে কিল-ঘুষি মারায় তার মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে সোমবার দুপুরে বৃদ্ধের মরদেহের সুরতহাল করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস




