আড়াই মাসের ব্যবধানে বরিশালের গৌরনদীতে সংরক্ষিত এক ইউপি সদস্যের বসতঘরে ফের চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য হেলেনা আক্তারের খাঞ্জাপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম।
ইউপি সদস্য হেলেনা আক্তার জানান, তিনি ও পরিবারের সদস্যরা রোববার রাতে বরিশাল শহরের বাসায় ছিলেন। এ সুযোগে চোরেরা বসতঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা পানির মোটর, এলইডি টেলিভিশনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
সোমবার (৫ অক্টোবর) সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে বাড়িতে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন হেলেনা আক্তার। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে।
এর আগে গত ১৪ জুলাই দিবাগত রাতেও হেলেনা আক্তারের বাড়িতে চুরি হয়। ওই সময় চোরেরা বাড়ির গেট ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমিরা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/এআর




