পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান এজাহারনামীয় আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৫ অক্টোবর) রাতে মাদারীপুর জেলা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজ বসতঘরে একা বসবাস করতেন। গত ৩ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিট থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যে মানিক হাওলাদারসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন তার ঘরে প্রবেশ করেন। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে তারা পালিয়ে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে পিরোজপুরের কাউখালী থানায় হত্যা মামলা করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান আসামিকে গ্রেফতারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে মানিক হাওলাদারকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে এসআরবি-৮।
এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পিরোজপুরের কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




