বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের সম্পর্ক আরও গভীর করার উদ্যোগে পঞ্চগড় থেকে সিলেট পর্যন্ত সাইকেল ভ্রমণে নেমেছেন যুক্তরাজ্যের ২৬ নাগরিক। একই সঙ্গে দেশের মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তার জন্য তহবিল সংগ্রহও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পঞ্চগড় জেলা সদরের মুক্তাঞ্চলের চাওয়াই নদীর সেতুসংলগ্ন ‘আই লাভ পঞ্চগড়’ এলাকা থেকে সাইকেল ভ্রমণটি শুরু হয়।
সান ফ্লাওয়ারের দাতা সংস্থা ব্ল্যাকস্টোন চ্যারিটির উদ্যোগে এ সাইকেল ভ্রমণের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা সবাই ব্রিটিশ নাগরিক। তাদের বেশির ভাগের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেট অঞ্চলে।
আয়োজকেরা জানান, পঞ্চগড়ের জিরো পয়েন্ট এলাকা থেকে যাত্রা শুরুর পরিকল্পনা থাকলেও পরে চাওয়াই নদীর সেতুসংলগ্ন মুক্তাঞ্চল থেকে সাইকেল ভ্রমণ শুরু করা হয়। দেশের বিভিন্ন পথ পাড়ি দিয়ে তারা সিলেটে পৌঁছাবেন।
এর আগে একই ধরনের উদ্যোগে অংশগ্রহণকারীরা টেকনাফ থেকে সিলেট পর্যন্ত সাইকেল ভ্রমণ করেছেন। এবারের আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, মানুষের জীবনযাপন, প্রকৃতি ও নিজেদের পারিবারিক শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি সাইকেল ভ্রমণের মাধ্যমে বাংলাদেশের মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তার জন্য তহবিল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকদের মতে, এটি শুধু সাইকেল অভিযান নয়; বাংলাদেশের সঙ্গে ব্রিটিশ নাগরিকদের, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের সম্পর্ক আরও দৃঢ় করার একটি উদ্যোগ। একই সঙ্গে মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার সুযোগ তৈরিও এর অন্যতম উদ্দেশ্য।
ভ্রমণটি নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ব্ল্যাকস্টোন চ্যারিটি।
সান ফ্লাওয়ারের প্রধান নির্বাহী মো. আবু হেনা মোস্তফা কামাল প্রধান বলেন, এই সাইকেল ভ্রমণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও নিজেদের শিকড়কে কাছ থেকে জানার সুযোগ পাবেন। একই সঙ্গে বাংলাদেশের মানুষের উন্নয়নে সহায়তার জন্য তহবিল সংগ্রহ করাও তাদের অন্যতম লক্ষ্য। পঞ্চগড় থেকে সিলেট পর্যন্ত এ যাত্রায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
প্রতিনিধি/এসএস




