পটুয়াখালীর বাউফলে বসতঘরের পেছনের আঙিনা থেকে তিনটি গাঁজাগাছ উদ্ধার করেছেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে গাঁজা চাষি ইউসুফ খানকে (৩৬) আটক করে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক ইউসুফ খান ওই গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে। তিনি আদাবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ওই বাড়ির পেছনের আঙিনায় গাঁজাগাছ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি গাঁজাগাছ জব্দ করে এবং ইউসুফ খানকে আটক করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, তিনটি গাঁজাগাছ জব্দ ও একজনকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/টিবি




