মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬’-এর জন্য মনোনয়ন পেয়েছেন নড়াইলের কালিয়া উপজেলার তরুণ মো. তানজিম শেখ। গত ৩০ সেপ্টেম্বর নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা কিডস রাইটস তাঁর মনোনয়নের তথ্য প্রকাশ করেছে।
তানজিম শেখ নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর শেখের ছেলে। আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্যসেবা সংস্থা পিসনেস্ট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং তরুণদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পিসনেস্ট-এর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ডিজিটাল প্ল্যাটফর্মে মানসিক স্বাস্থ্য বিষয়ে সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা আসছে। এ উদ্যোগের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত সহায়তা পেয়েছেন।
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করতে তানজিমের উদ্যোগে পরিচালিত হচ্ছে ‘সাইসেন্টরুম’ প্ল্যাটফর্ম। এছাড়া মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ‘নিউরোজেন’ নামে একটি মাসিক ম্যাগাজিন প্রকাশ করছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, “মানসিক স্বাস্থ্যকে কোনো বিলাসিতা হিসেবে দেখার সুযোগ নেই। এটি মানুষের সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে শিশু ও তরুণদের মানসিক সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং প্রয়োজনের সময় তাদের কাছে নিরাপদ ও মানসম্মত সহায়তা পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করা নয়, বরং একজন তরুণ যখন মানসিক সংকটে পড়বে তখন যেন সহজে প্রয়োজনীয় সহায়তা পেতে পারে, সেই সুযোগ তৈরি করা। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”
আন্তর্জাতিক পর্যায়েও মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তানজিমের। ইন্টারন্যাশনাল ইউথ কনফারেন্স সিজন ১২-এ মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেছেন তিনি।




