জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে প্রায় আড়াই কোটি টাকার আত্মসাতের অভিযোগে পাবনার ঈশ্বরদীর পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব ইমরুল কায়েস সুমনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (৪ অক্টোবর) দুপুরে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০২ এর বিচার শাহীন কবির তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের পেশকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ইমরুল কায়েস সুমন ঈশ্বরদী পৌর এলাকার রহিমপুরের আব্দুল মহিত বিশ্বাসের ছেলে এবং গত সেপ্টেম্বর মাসে ঘোষিত পাবনার ঈশ্বরদীর পৌর বিএনপির সদস্য সচিব।
আদালত, ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাউথইস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখা থেকে ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ করে সপরিবার আত্মগোপন করেন ইমরুল কায়েস। এ ঘটনায় ২০১৯ সালের ১১ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। তদন্তে সুমন ও ব্যাংকের একাধিক কর্মকর্তার জড়িত থাকার সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। মামলাটি বিচারের জন্য আজ (রোববার) শুনানির দিন ধার্য ছিল। এসময় সুমন আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের গত ৬ আগস্ট সাউথইস্ট ব্যাংকের আরেকটি মামলায় ইমরুল কায়েস সুমনকে ১ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকার জরিমানা করে আদেশ দিয়েছেন পাবনা যুগ্ম দায়রা জজ আদালত-১ম এর বিচারক এম সারোয়ার জাহান।
ইমরুল কায়েস সুমন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা-৪ আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থিত নেতা বলে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এটা কোনো বিষয় নয়, হাজার হাজার কোটি টাকা মানুষ মেরে দিচ্ছে আর এতো কয়টা টাকা। ও ব্যাংক থেকে ঋণ নিয়েছিল এবং পরবর্তীতে বিদেশে চলে গিয়েছিল। ঋণ পরিশোধ করতে না পারায় জেলে পাঠানো হয়েছে। ও ঋণ পরিশোধ করবে। এটা ব্যাংকের বিষয়, সাংগঠনিক কোনো বিষয় নয়।
প্রতিনিধি/এলএ




