রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

জেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় দরবেশ সেজে এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে ৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হালিমা বেগম (৬০) জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

হালিমা বেগমের ভাষ্য, সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চালক তাকে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রশ্ন করছিলেন। একইসময়ে মুঠোফোনে অপর এক ব্যক্তির সঙ্গে চালককে কথা বলতেও দেখেন তিনি।

তিনি জানান, কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় দরবেশের বেশে এক ব্যক্তি সিএনজিতে ওঠেন। চালকের আগে করা প্রশ্নের সূত্র ধরে ওই ব্যক্তি তার সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে ওই ব্যক্তি ‘শয়তানের নিঃশ্বাস লাগানো’ হয়েছে দাবি করে একটি পাঁচ টাকার নোট তার নাকের কাছে ধরেন। এরপর তিনি অচেতন হয়ে পড়েন বলে জানান হালিমা।

হালিমা বেগম আরও বলেন, পরে তাকে মহাসড়কের নাহার এগ্রোর সামনে নামিয়ে দিয়ে ওই ব্যক্তি ও সিএনজিচালক চলে যান। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পান, তার কানে থাকা সাড়ে ৪ আনা ওজনের স্বর্ণের দুল নেই। এর বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে দাবি করেন তিনি। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর