চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে যৌথ অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির রঘুনাথপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। সীমান্তরেখা থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামে মো. কালাম নামে এক ব্যক্তির বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে একটি কালো বালতি দেখতে পান বিজিবি সদস্যরা।

বালতিতে ককটেল সদৃশ বস্তু থাকার বিষয়টি বুঝতে পেরে বিজিবি সদস্যরা এলাকা ঘিরে ফেলেন এবং শিবগঞ্জ থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ দল বালতিটি তল্লাশি করে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে।
উদ্ধার করা বস্তুগুলো আইনগত প্রক্রিয়ার জন্য দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে।
প্রতিনিধি/এসএস




