ময়মনসিংহে সম্পত্তি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার পর ভরণপোষণ না দেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রায় ৮০ বছর বয়সী অসহায় মা রহিমা খাতুন।
রোববার (৪ অক্টোবর) ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রহিমা খাতুন অভিযোগ করেন, প্রায় ২০ থেকে ২৫ বছর আগে তার বড় মেয়ে ফারজানা সুলতানা কাবেরি ও মেয়ের স্বামী হায়দার জাহান ফারাশ বিভিন্ন কৌশলে তার মালিকানাধীন সাত শতক জমির ওপর নির্মিত পাঁচতলা বাড়ির চারটি তলা নিজেদের নামে লিখে নেন।
অভিযোগে তিনি আরও বলেন, সম্পত্তি লিখে নেওয়ার পর গত পাঁচ-ছয় বছর ধরে তার ভরণপোষণ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সম্পত্তির দলিল বাতিল, নিজের নিরাপত্তা এবং পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী ভরণপোষণ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন বৃদ্ধা রহিমা খাতুন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রতিনিধি/এলএ




